সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
-->কঠোর নিরাপত্তাবেষ্টিত ও বাঙ্কার-সুবিধাসম্পন্ন একাধিক প্রাসাদে অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে একটি বিশেষ সুরক্ষা দল।
ওয়াইনেট নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষেপণাস্ত্র হামলা ও তা প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হুতিদের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলার ফলে রিয়াদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং তা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন অবকাঠামো হামলার ঝুঁকিতে রয়েছে। এসব স্থাপনায় হামলা দেশটির তেল রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলার মুখে সৌদি রাজধানী যখন ঝুঁকির মুখে পড়েছে, তখন ৪১ বছর বয়সি যুবরাজ তার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, তাকে সবশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল গত মঙ্গলবার; সেদিন একটি জাতীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি রক্তদান করেন।
ক্রমবর্ধমান হামলার ফলে রিয়াদের কিছু এলাকা সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। শহরের আর্থিক এলাকার কর্মী, বিভিন্ন আন্তর্জাতিক স্কুলের শিক্ষার্থী এবং কূটনীতিকদের ভবন থেকে সরে যেতে অথবা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা সংকট দীর্ঘায়িত হলে সৌদি আরবের জ্বালানি খাত, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় আরও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: Ynet Global
রিফাত/
