জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর খালাস চেয়ে ২৩টি যুক্তিতে আপিল করেছেন তার আইনজীবীরা। বুধবার ইনুর আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ এ তথ্য জানান।
গত ৩০শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনটি অভিযোগে হাসানুল হক ইনুকে ৩০ বছরের কারাদণ্ড দেন। তবে ট্রাইব্যুনাল সেদিন জানান, তাকে সব মিলিয়ে ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এ সাজাকে অপর্যাপ্ত মনে করে এরই মধ্যে আপিল করেছে প্রসিকিউশন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংবাদিক ফারজানা রুপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ বলেন, আশা করি বার কাউন্সিল অনুমতি দেবে।
যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আসামিদের পক্ষে কোনো বিদেশি আইনজীবীকে মামলা পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। তবে আসামিপক্ষের আইনজীবীরা আশা করছেন, এবার বার কাউন্সিল বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দেবে। এ বিষয়ে বার কাউন্সিলে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
