থার এবং বাইকের আবদার। স্বামীর বায়নাপূরণে ব্যর্থ হলেন স্ত্রী। সেই কারণে সংসারে নিত্যঝামেলা লেগেই থাকত। এ বার সেই ঝামেলা রাস্তায় নেমে এল। স্ত্রীকে জনসমক্ষে মারধর করলেন স্বামী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি পঞ্জাবের লুধিয়ানায় ঘটেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তরুণের নাম রিতীশ শর্মা এবং তরুণীর নাম টুইঙ্কল। এটি রিতীশের প্রথম বিয়ে হলেও, টুইঙ্কলের দ্বিতীয় বিয়ে। দু’বছর আগে টুইঙ্কলের বিবাহবিচ্ছেদের মামলা চলার সময় রিতীশের সঙ্গে দেখা হয় তাঁর। ক্রমে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে মোড় নেয়। গত বছর নভেম্বরে রিতীশ এবং টুইঙ্কল বিয়ে করেন। প্রথমে সব কিছু ঠিকই ছিল। কিন্তু তিন মাস পর থেকেই রিতীশের রূপে বদল আসতে শুরু করে বলে জানিয়েছেন টুইঙ্কল।
জানা গিয়েছে, রিতীশ স্বাস্থ্য দফতরে চাকরি করেন। টুইঙ্কল একটি স্যাঁলো চালান। টুইঙ্কলের অভিযোগ, বিয়ের তিন মাস পর থেকে রিতীশ তাঁর কাছে একটি থার কিনে দেওয়ার আবদার জানান। সেই আবদার টুইঙ্কল পূরণ করতে না পারায় প্রায় রোজই তাঁদের মধ্যে ঝগড়া হত। কিছু দিন আগে থেকে রিতীশ একটি বাইকের দাবিও করেন। তা নিয়েও প্রায় রোজই ঝগড়া চলতে থাকে। বুধবার রাতে দম্পতির মধ্যে ঝগড়া ভয়াল রূপ ধারণ করে। সেই সময় টুইঙ্কল নিজেকে বাঁচাতে এক প্রতিবেশীর বাড়িতে চলে যান। টুইঙ্কলের অভিযোগ, রিতীশ সেই প্রতিবেশীর বাড়ি থেকে তাঁকে বার করে এনে পেটান। প্রতিবেশীদের হস্তক্ষেপে ঝামেলা থামে। টুইঙ্কল থানায় রিতীশের নামে অভিযোগ দায়ের করেছেন। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। প্রমাণস্বরূপ পুলিশের কাছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজও জমা দিয়েছেন টুইঙ্কল। ঘটনাটির তদন্ত চলছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের ফাঁকা রাস্তা। একটি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে এক তরুণ এবং তরুণীকে উত্তপ্ত মেজাজে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তরুণ তরুণীর দিকে আঙুল তুলে নানা কথা বলে চলেন। তরুণীও চুপ করে থাকার পাত্রী নন। তিনিও নানা কথা বলেন। বাকিরা শান্ত ভাবে দাঁড়িয়ে তরুণ-তরুণীর ঝামেলা থামানোর চেষ্টা করে চললেন। তরুণ এবং তরুণীর মাঝে দাঁড়িয়ে রয়েছেন অপর এক তরুণী। তিনি রাগান্বিত তরুণীকে ধরে শান্ত করার চেষ্টা করছেন। এমন সময় তরুণ এগিয়ে এলেন। শান্ত করতে চাওয়া তরুণীকে টপকে তিনি রাগে ফুঁসতে থাকা তরুণীকে একের পর এক চড় মারতে লাগলেন। এর পর তাঁর চুলের মুঠি ধরে রাস্তার উপর ধাক্কা মেরে ফেলে দিলেন। তাঁকে ধরে থাকা তরুণীও রাস্তার উপর পড়ে গেলেন। তিনি পরক্ষণেই আবার উঠে দাঁড়ালেন। তরুণও ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়লেন। কিন্তু তিনি শান্ত হলেন না। তৎক্ষণাৎ লাফিয়ে উঠে রাস্তায় পড়ে থাকা তরুণীকে একের পর এক লাথি মারতে লাগলেন। সেই সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তরুণকে থামানোর চেষ্টা করতে লাগলেন। রাস্তায় পড়ে থাকা তরুণীকে অপর তরুণী তোলার জন্য এগিয়ে এলেন।
‘তরুণীগাঁধী’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪৩ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। তরুণের কাণ্ড দেখে ক্রুদ্ধ নেটপাড়া। অধিকাংশ নেটাগরিক তরুণের কঠিন শান্তির দাবি জানিয়েছেন।
