ডেঙ্গু প্রতিরোধে শুধু মৌসুমভিত্তিক উদ্যোগ নয়, বছরজুড়ে মশার প্রজননস্থল ধ্বংস ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর শাখা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে এ দাবি জানান শাখাটির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ আতিকুর রহমান মুজাহিদ।
তিনি বলেন, বাংলাদেশে ডেঙ্গু এখন আর শুধু বর্ষা কিংবা শরৎকালের নির্দিষ্ট সময়ের দুর্যোগ নয়। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ ও এডিস মশার অভিযোজন ক্ষমতার কারণে বছরজুড়েই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তাই শুধু ডেঙ্গুর মৌসুমে স্বল্পমেয়াদি উদ্যোগ নিয়ে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য বছরব্যাপী পরিকল্পনা ও সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন।
আতিকুর রহমান মুজাহিদ বলেন, সাধারণত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ বাড়লে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষ মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো এবং ফগিংয়ের কার্যক্রম জোরদার করে। তবে মৌসুমভিত্তিক এসব পদক্ষেপে সাময়িকভাবে মশার সংখ্যা কমলেও স্থায়ী সমাধান আসে না।
তিনি আরও বলেন, শীত বা শুষ্ক মৌসুমেও এডিস মশার ডিম দীর্ঘদিন টিকে থাকতে পারে। বৃষ্টি হলে সেসব ডিম থেকে আবার মশার বংশবিস্তার ঘটে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা বছর মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন অধ্যক্ষ জিল্লুর রহমান, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি হাফিজুল হক ফাইয়াজ, মুফতি মাছউদুর রহমান, রাকিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আলহাজ আমিনুল হক তালুকদার, মাওলানা সাব্বির খান, মুফতী ফয়জুল্লাহ ও আলমগীর হোসাইনসহ অনেকে।
সংগঠনের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক মুফতী মো. মাছউদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
