পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের একটি চৌকস দল দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া সংলগ্ন পায়রা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ৮২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা আটক করা হয়।
অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জালগুলো নিয়ম অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত নৌকাটি বর্তমানে নৌ পুলিশের হেফাজতে রয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাহাবুবুর রহমান জানান, জাতীয় মৎস্য সম্পদ রক্ষা এবং নদীতে অবৈধ জালের বিস্তার রোধে নৌ পুলিশের এই কঠোর অবস্থান ও ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জেএইচআর
