Published on
:
2 min read
এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পদকজয়ীদের সঙ্গে ছবিও তোলেন মোদী। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া সংস্থার শীর্ষ আধিকারিকরা। ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান জয় শাহও। এই অনুষ্ঠানে অ্যাথলিটরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন স্মারক উপহার দেন। তার মধ্যে ছিল সই করা জার্সি এবং ১৭ বছরের আর্চার কুমকুম মোহদের দেওয়া একটি ধনুক। ভারতের সাফল্য নিয়ে কী বললেন নরেন্দ্র মোদী?
এশিয়ান গেমসে ভারতের পারফরম্যান্স
এ বারের এশিয়ান গেমসে ভারত মোট ৮৫টি পদক জিতেছে। তার মধ্যে রয়েছে ২১টি সোনা। যদিও আগের সংস্করণে হ্যাংঝৌতে ১০৬টি পদক জিতেছিল ভারত। তবে এ বার অভিষেক হওয়া অ্যাথলিটদের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। তাঁরা মোট ৪১টি পদক জিতেছেন।
অ্যাথলিটদের নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করেছেন। সবচেয়ে বড় সাফল্য হল তেরঙ্গাকে উঁচুতে তুলে ধরা। এই সাফল্য শুধু আপনাদের নয়, দেশের কোটি কোটি মানুষের। গোটা দেশের হয়ে আমি আপনাদের অভিনন্দন জানাই।’
৮৫ পদকের মধ্যে ৩৮টি মহিলাদের
এ বছরের এশিয়াডে মোট ৮৫টি পদক জিতেছে ভারত। এর মধ্যে ৩৮টি এসেছে মহিলাদের ইভেন্ট থেকে। মহিলা অ্যাথলিটদের এই সাফল্যের বিশেষ প্রশংসা করেছেন মোদী। তাঁর কথায়, ‘মহিলা অ্যাথলিটদের বিশেষ অভিনন্দন জানাতে চাই। ওঁরা আমাদের ৩৮টি পদক এনে দিয়েছেন। তার মধ্যে ১১টি সোনা।’
ক্রিকেট ও হকি দলের পাশাপাশি পাঁচটি সোনা জেতা ভারতীয় আর্চারদেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই পদকগুলি শুধু সংখ্যা নয়। এগুলি নতুন ভারতের ছবি তুলে ধরে। এশিয়ান গেমসের ইতিহাসে যে খেলাগুলিতে আগে কখনও পদক জিতিনি, সেখানেও আজ ভারত পদক জিতছে। মিক্সড মার্শাল আর্টস, সফট টেনিস এবং সেলিংয়ের কয়েকটি বিভাগে প্রথমবার পদক জিতে আমাদের অ্যাথলিটরা ইতিহাস তৈরি করেছেন।’
We in India remain committed to boosting the sports ecosystem and also supporting our athletes so that they can shine and inspire several youngsters across the nation. https://t.co/rF3WrbKyLb
— Narendra Modi (@narendramodi) October 15, 2026
হকি, ক্রিকেট ও কবাডিতে সাফল্যের প্রশংসা
এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলের সাফল্যকেও গুরুত্ব দেন মোদী। দু’টি দলই এ বার সোনা জিতেছে। বিশেষ করে মহিলা হকি দলের ৪৪ বছরের খরা কাটিয়ে সোনা জয়ের সাফল্যের আলাদা করে প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, পদক জয়ের ধারাকে বজায় রেখে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও উচ্চতায় পৌঁছতে হবে ভারতকে।
