সৌদি আরবের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইটের ৪ হাজার ৮৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সরাসরি সৌদি আরবগামী ফ্লাইটের পাশাপাশি ট্রানজিট ফ্লাইটও রয়েছে।
আজ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট হিসেবে ইনডিগো এয়ারলাইনসের ১৬টি ফ্লাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি আরবের আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রাসূচিতে পরিবর্তন, বিলম্ব বা অন্যান্য জটিলতা তৈরি হয়েছে। এতে শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী যাত্রার সময়সূচি নিশ্চিত করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও ফ্লাইটের যাত্রাসূচিতে প্রভাব পড়তে পারে।
