চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও, এই পারফরম্যান্সকে যথেষ্ট মনে করছেন না জুজে মরিনিয়ো। দলকে যেখানে দেখতে চান তিনি, সেখানে যে এখনও পৌঁছাতে পারেনি রেয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির কোচ তাই আরও উন্নতির তাগিদ দিয়েছেন।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার জার্মান ক্লাব লাইপজিগকে ৪-১ গোলে হারায় রেয়াল। বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে তাদের বাকি তিনটি গোল করেন আর্দা গুল্যার, কিলিয়ান এমবাপে ও ইয়ান ডিওমান্ডে। সফরকারীদের গোলদাতা গোমিস।
ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে রেয়াল। লাইপজিগও চোখে চোখ রেখে লড়াই করে। জমজমাট প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় রেয়াল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লাইপজিগ।
৬৪.৪ শতাংশ সময় বল দখলে রেখে ম্যাচে গোলের জন্য ১৮টি শট নেয় রেয়াল, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। সেখানে লাইপজিগের ১১ শটের ছয়টি ছিল লক্ষ্যে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন ম্যাচই জিতেছে রেয়াল। দলের ধারাবাহিক পারফরম্যান্সে খুশি মরিনিয়ো। তবে এখনও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না তিনি।
“যেখানে দেখতে চাই, সেখানে এখনও কেউ পৌঁছাতে পারেনি। আমি সব সময় উন্নতি করতে চাই। এখানে আমার ১০৫ দিন, ১০৪ দিন, এমন কিছু একটা হবে। স্পষ্টতই, আমরা এখনও আমার চাওয়া পর্যায়ে পৌঁছাতে পারিনি। তবে আগে যা করতাম, তার চেয়ে আজ কিছু ক্ষেত্রে ভালো করেছি।
“তুলনা করতে চাইলে, এখানে মালাগা ও রায়োর বিপক্ষে চার গোলের ব্যবধানে জেতা ম্যাচ দুটির কথা বলা যায়। ওই ম্যাচগুলোতে প্রতিপক্ষ অনেক সুযোগ পেয়েছিল। আমরা যথেষ্ট জমাট হয়ে খেলতে পারিনি। তবে উন্নতি হচ্ছে।”
দুই দলের গোলরক্ষকই দারুণ পারফরম্যান্স করেন। পাঁচটি সেভ করেন রেয়ালের তিবো কোর্তোয়া। আর লাইপজিগের মার্টেন ভ্যানডাভোর্ট করেন ছয়টি সেভ।
রেয়াল ৩-০ তে এগিয়ে যাওয়ার পর একটি গোল শোধ করে লাইপজিগ। এভাবে গোল হজম করা একদমই ভালো লাগেনি মরিনিয়োর।
“এরপর আছে আমাদের হজম করা গোলটি। এ ধরনের গোল আমার পছন্দ নয়। কারণ, আমি নিজেকে গোলরক্ষকের জায়গায় কল্পনা করি। সে দুটি অবিশ্বাস্য সেভ করে আমাদের ম্যাচ জয়ের সুযোগ ধরে রেখেছে। একজন স্ট্রাইকার যেমন গোল করতে ভালোবাসে, তেমনি একজন গোলরক্ষকও গোল হজম না করে মাঠ ছাড়তে ভালোবাসে।
“আজ আমরা যে গোলটি হজম করেছি, তা ২০ বছর বয়সি একজনের খুব সাধারণ একটি ভুল। আজ আমরা যে গোলটি হজম করেছি, সেভিয়ার বিপক্ষেও একই ধরনের গোল খেয়েছি। এমন একজনের ভুলে গোল হয়েছে, যে স্বস্তিতে ছিল, যার ধারণা ম্যাচের জয় নিশ্চিত। এ ধরনের বিষয় আমার পছন্দ নয়।”
আগামী রোববার লা লিগায় বার্সেলোনার মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ।
