ঝালকাঠি জেলায় ৩২টি ইউনিয়নের ৩১টি পরিষদের কার্যক্রম চলছে নবনিযুক্ত প্রশাসক দিয়ে। ৮অক্টোবর (বৃহস্পতিবার) নবনিযুক্ত প্রশাসকগণ স্ব স্ব ইউনিয়নে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের সদস্য এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ প্রশাসকগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। রবিবার এবং সোমবারেও তারা যথারীতি দায়িত্ব পালন করেন।
ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠি ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি ঝালকাঠি সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা। বৃহস্পতিবার পরিষদে দায়িত্ব গ্রহণ করলে পরিষদের অন্যান্য সদস্যরা ও ইউপি সচিব তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ঝালকাঠি জেলার ৩২ইউনিয়নের ৩১টিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগের নির্দেশ দেয় সরকার। জেলা প্রশাসন এ নিয়োগ কার্যকর করতে তালিকা প্রণয়ন ও পদায়ন করেন। সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়নে নির্বাচনের মেয়াদ শেষ না হওয়ায় প্রশাসক নিযুক্ত করা হয়নি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব জনাব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত একটি পত্র স্মারক নং ৪৬.০০৪২০০.০১৭.০০০১.২০-৮৫৪ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ প্রাশাসনিক অনুমোদনের মাধ্যমে জারি করা হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রাশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না স্বাক্ষরিত স্মারক নং ৪৬.১০.৪২০০.০০০.০১১.১২.০০০৬.২৬-৪৬৯ তারিখ ০৪ অক্টোবর ২০২৬ উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরণ করেন।
এর প্রেক্ষিতে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ তাঁর আওতাধীন পোনাবালিয়া ইউনিয়ন ব্যতীত অন্য নয়টি ইউনিয়ন পরিষদ এ নিযুক্ত প্রশাসকদের যোগদানের নির্দেশনা প্রদান করেন। এতে ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মদ, ২নং বিনয়কাঠী ইউনিয়নে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান , ৩নং নবগ্রাম ইউনিয়নে উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল্লাহ আল কাইয়ুম , ৪নং কেওড়া ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, ৬ নং বাসন্ডা ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. মাছুম খান, ৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদে উপসহকারী প্রকৌশলী এসএম সাইদুর রহমান, ৯নং শেখেরহাট ইউনিয়নে উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. তমিজউদদীন ও ১০ নং নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদে মো. তরিকুল ইসলাম যোগদান করেন।
২নং বিনয়কাঠী ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. আসাদুজ্জামান এর কাছে প্রশাসক হিসেবে অভিব্যক্তি বা পরবর্তী নির্দেশনা তাঁদের জন্য কি হতে পারে জানতে চাইলে তিনি মহান আল্লাহ পাকের প্রতি শুকরিয়া উল্লেখ করে বলেন, প্রথমেই জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহেনাজ আমাদের উপর যে কাজের আস্থা রেখেছেন। তা যেন শতভাগ বাস্তবায়নের পাশাপাশি বর্তমান সরকারের স্থানীয় সরকার পর্যায়ে গৃহীত কর্মসূচীর সফল বাস্তবায়ন করা এবং ইউনিয়ন পরিষদ এর সেবার মান ইউনিয়নবাসীর দ্বোরগোড়ায় পৌঁছে দেয়া। এ দায়িত্ব পালনে সর্বমহলের সহযোগিতার পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছ থেকে সর্বাত্মক ইতিবাচক সহযোগিতার আশা রাখেন।
