কালবেলা · সাধারণ
নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি
১২/১০/২০২৬

টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকালের মধ্যে কোনো এক সময় শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।
এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান।
অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় আফিয়া খান তার পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে যান। তখন বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক ছিল।
পরে ওইদিন বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরে শফিকুর দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা। তিনি কক্ষের ভেতরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান।
এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা দেখতে পান। আলমারিগুলোতে ৯ ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে তিনি ঢাকায় থাকায় এবং ভাইবোনেরা সবাই উপস্থিত না থাকায় কী চুরি হয়েছে- তা এখনই বলা যাচ্ছে না।
আফিয়া খান বলেন, ‘এটা কি নিছক চুরি নাকি অন্যকোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না।’
নাট্যকার মামুনুর রশীদ বলেন, ‘টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে এ খবরটি আমি ভাইবোনদের মাধ্যমে জানতে পেরেছি।’
মূল প্রতিবেদনে যান ↗