আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের পাশাপাশি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার প্রত্যয়ে কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টায় জেলা শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন মন্দিরের পুজো উদ্যাপন কমিটি ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং জেলা হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাক।
এছাড়া সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের সভাপতি রতন কুমার দাস, হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক কাজল দাস, গৌর নিতাই আখড়ার সাধারণ সম্পাদক সুনীল মুদক, মৃদুল কান্তি চৌধুরী, নারায়ণ চন্দ্র সরকার, বিশু কুমার গুপ্ত, রিপন চন্দ্র সূত্রধর ও পলাশ চন্দ্র দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আলোচনাকালে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, যেখানে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও পারস্পরিক সহযোগিতা এবং নিবিড় সহাবস্থান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। যেকোনো মূল্যে দেশের সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার অঙ্গীকার ব্যক্ত করে অংশগ্রহণকারীরা উৎসবের দিনগুলোতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
