আর মোটে একদিনের অপেক্ষা। আগামীকাল সোমবার রাতে জানা যাবে, কার হাতে উঠছে ২০২৬ ব্যালন ডি’অর। পুরস্কার ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনাও তত বাড়ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২৬ ব্যালন ডি’অর যদি কিলিয়ান এমবাপ্পে জেতেন, তবে লন্ডনের ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করতে পারে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচডে সেন্ট্রালের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টস।
ম্যাচডে সেন্ট্রালের দাবি, ২০২৬ ব্যালন ডি’অরের ভোটে বিশ্বকাপজয়ী স্পেন দলের কোনো খেলোয়াড়ই শীর্ষ দুইয়ে থাকতে পারেনি বলে জানানো হয়েছে বার্সেলোনাকে। বিষয়টিকে অন্যায্য মনে করছে কাতালান ক্লাবটি। বার্সার প্রত্যাশা ছিল, স্পেনের অন্তত একজন শীর্ষ দুইয়ে থাকবেন। বিশেষ করে ইয়ামালের মতো তারকার অবদান উপেক্ষা করার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না বার্সা। সে কারণে এমবাপ্পে যদি ব্যালন ডি’অর জেতেন, তাহলে এবারের অনুষ্ঠান বয়কট করার মতো সিদ্ধান্ত নিতে পারে কাতালান ক্লাবটি। এমনটাই দাবি করেছে ম্যাচডে সেন্ট্রাল।
তবে ব্যালন ডি’অরের ভোটের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। একইভাবে, অনুষ্ঠান বয়কটের বিষয়ে বার্সেলোনাও প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানায়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুসারে, বার্সা যদি ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে, তাহলে আয়োজকদের ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এর আগে টানা দুই মৌসুম ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছিল রেয়াল মাদ্রিদ। এবার অবশ্য অনুষ্ঠানে ক্লাবটির প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। রেয়াল যখন আয়োজকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে, তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বয়কটের কথা ভাবছে।
উল্লেখ্য, এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে হ্যারি কেইনকে। তবে বায়ার্ন মিউনিখে খেলা ইংলিশ স্ট্রাইকারকে ছাপিয়ে যদি এমবাপ্পের হাতে পুরস্কারটি ওঠে, তবে লন্ডনে আরেকটি নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে।
