সিলেট ভয়েস ডেস্ক · ২৪ অক্টোবর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ভালো লক্ষণ দেখছেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। একজন দলীয় ব্যক্তিকে এ পদে বসানোর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ, যিনি সংসদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন, তিনি এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটা লজ্জার বিষয়। এর মাধ্যমে আগেই জনগণকে ভয় দেখানো হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, এ ধরনের ভয়ভীতি ও দলীয় প্রভাবের মধ্যে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। তবে নির্বাচনের আগে তারা পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করবেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাবেন। নির্বাচনে অংশ নেওয়ার আগে এ বিষয়ে নিশ্চয়তা চান তারা।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা কারো স্কিপ গুডস হতে চাই না। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। তিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। না তিনি মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন, না তিনি সমাজে শৃঙ্খলা ফিরাতে পারলেন। রাষ্ট্রের আইন শৃঙ্খলার দৃশ্যমান কোন উন্নতি নেই।’
সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করলেও সেই মূল্যায়নের মাপকাঠি কী, তা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সকাল নয়টায় মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে জামায়াতের আমিরকে গার্ড অব অনার দেওয়া হয়।
মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ।
গুগলে আমাদের খবর পেতে
