ভোলার মনপুরায় বাড়ির পুকুরে ডুবে মো. ওমর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ওই ইউনিয়নের বাসিন্দা রুবেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ওমর। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত স্পিডবোটে করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আদরের সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। শিশুটির মৃত্যুতে স্বজনদের মধ্যে চলছে শোক ও আহাজারি।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
