দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৯:৫৩ পিএম
নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত, চোর ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩৫ পিস ইয়াবা, ১০ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১৪ জন, ৪ জন ডাকাত, ১ জন চোর, নিয়মিত মামলার ৫ আসামি, অন্যান্য ধারার ৩ আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য।
পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ১০ জন, ফতুল্লা মডেল থানায় ১৩ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ জন, বন্দর থানায় ৭ জন, সোনারগাঁ থানায় ৩০ জন, রূপগঞ্জ থানায় ৭ জন এবং আড়াইহাজার থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে সোনারগাঁ থানায় সর্বোচ্চ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। এ থানার অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, পরোয়ানাভুক্ত চারজন, অন্যান্য ধারার দুই আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী তিনজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ জন, নারায়ণগঞ্জ সদর থানায় ১০ জন, বন্দর থানায় ৭ জন, রূপগঞ্জ থানায় ৭ জন এবং আড়াইহাজার থানায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের এ অভিযান মাদকবিরোধী কার্যক্রম ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।
