নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) মানবসেবায় নিয়োজিত বাংলাদেশের এক অসাধারণ দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এই সংগঠন মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।
রোববার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডা. জুবাইদা রহমান বলেন, গত ২৭ বছরে মানবসেবার ছোট একটি চারাগাছ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ মহিরুহে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তিনি ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান।
মানবসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মানুষের জন্য মানুষ’—এই চেতনাকে ধারণ করে ‘একটু চেষ্টা, একটি উদ্যোগ’ সংকল্পে এগিয়ে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বাংলাদেশের সর্বত্র মানুষের পাশে সংগঠনটি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে সারা বিশ্বে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘আইডিয়া ফেস্ট’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল। পরে ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জনকল্যাণমূলক আদর্শকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনটি ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ স্লোগান ধারণ করে কাজ করছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি দেশজুড়ে পরিচিতি লাভ করেছে। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা।

