মাইকেল অলিসেকে দলে পেতে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর নিয়ে এবার স্পষ্ট বার্তা দিল বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির সভাপতি হার্বার্ট হাইনার জানিয়েছেন, খেলোয়াড় বিক্রি করতে বাধ্য হওয়ার মতো অবস্থায় নেই বায়ার্ন। ফরাসি উইঙ্গারকে ছাড়ারও কোনো পরিকল্পনা নেই তাদের।
২০২৪ সালে ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে যোগ দেন অলিসে। এরপর থেকে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে রিয়াল—এমন খবরও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে বায়ার্নের অবস্থান, দীর্ঘমেয়াদি চুক্তিতে থাকা এই ফুটবলারকে বিক্রির জন্য বাজারে তোলা হবে না।
বিল্ড-এর সঙ্গে আলাপকালে হাইনার বলেন, ‘মাইকেল অলিসে বায়ার্ন মিউনিখের খেলোয়াড় এবং তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। আমরা আমাদের খেলোয়াড়দের সহজে বিক্রি করি না। ফ্লোরেন্তিনো পেরেজ প্রস্তাব পাঠাতে চাইলে—যদিও এখনো তিনি তা করেননি—তার সেই চেষ্টা না করলেও চলবে।’
এদিকে অলিসেকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরের মধ্যেই স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, এই ফুটবলারের সঙ্গে তাদের কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি। গত জুনে দেওয়া এক বিবৃতিতে রিয়াল জানায়, অলিসে, তার প্রতিনিধি কিংবা তার ঘনিষ্ঠ কারও সঙ্গে এ বিষয়ে কথা বলেনি ক্লাবটি।
এইচজেএস
