রাজশাহীতে সফরের সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি ফেসবুক পেজে দেখে মন্তব্য করেছিলেন আবুবকর সিদ্দিক (২২) নামের এক যুবক। তিনি লিখেছিলেন, ‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত বুধবার আবুবকরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আবুবকর সিদ্দিককে আটক করা হয়। তার বাড়ি রাজশাহীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল গ্রামে; বাবার নাম আয়নাল হক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর করেন। তার সফরের বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ছবির মন্তব্যের ঘরে আপত্তিকর মন্তব্য করেন আবুবকর। পরিচয় শনাক্তের পর এসআরবির সদস্যরা তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন আয়নাল হক জানান, তার ছেলে মামারবাড়িতে আছেন। পরে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের একটি দল পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আবুবকরের মামারবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, আমরা দুজনকেই ডিবির কাছে হস্তান্তর করেছি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানিয়েছেন, এসআরবি, আরএমপি এবং ডিএমপির যৌথ প্রচেষ্টায় আবুবকরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ডিএমপি-এর সাইবার ইউনিট তাকে ঢাকায় নিয়ে গেছে। সাইবার অপরাধে তার বিরুদ্ধে ঢাকাতেই মামলা হওয়ার কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, আবুবকর সিদ্দিক রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা আয়নাল হক পেশায় কৃষক। পরিবারের চার-ভাইবোনের মধ্যে আবুবকর সবার বড়। পড়াশোনার পাশাপাশি তিনি ভ্যানে সবজি পরিবহনের কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আবুবকরের মা আসমাউল হুসনা দাবি করেন, তার ছেলে কোনো রাজনৈতিক দল করে না। পড়াশোনার পাশাপাশি ভ্যানে করে সবজি বিক্রি করে। তবে এ ধরনের ঘটনায় দিশেহারা তিনি।
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান লিমন জানান, তিনি শুনেছেন আবুবকর আগে ছাত্রলীগ করতেন। তবে ব্যক্তিগতভাবে তাকে তিনি চেনেন না।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আবুবকরের বাড়িতে তল্লাশি চালান। প্রায় এক ঘণ্টা তল্লাশি করে একটি পেনড্রাইভের মোড়ক জব্দ করা হয়েছে। ওসি মনিরুল ইসলাম জানান, আবুবকরের রাজনৈতিক সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, আবুবকর সিদ্দিক কলেজের নিয়মিত শিক্ষার্থী। তিনি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, তবে ফল প্রকাশ হয়নি। কলেজে আবুবকরের কোনো খারাপ আচরণ তার চোখে পড়েনি।
গত মঙ্গলবার রাজশাহী সফরে এসে বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান, সেখান থেকে ধর্মসভা হয়ে আবার বিমানবন্দরে যাতায়াতের সময় রুয়েটের বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছার জবাব দেন।
