সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা সেতুর পূর্ব পাশে ফেরিঘাট সংলগ্ন লক্ষীপ্রসাদপূর্ব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা ২০মিনিটে দিকে জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে ছেড়ে যাওয়া আরেকটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে গুরুতর আহত তিন মাস বয়সী শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আয়াতের বাবার নাম হাসানুজ্জামান। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
একই দিন দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ফেরিঘাট সংলগ্ন লক্ষীপ্রসাদপূর্ব এলাকায় জাফলংগামী একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১২-১৮৪৯) সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৭৫০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে বাসচালক হাসান প্রামানিক (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়। তাঁর বাবার নাম বা বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুটি দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুইটি দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পৃথক দুর্ঘটনা দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
ওয়াইএফ/০২
