দেশে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এডিস মশাবাহিত রোগটিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রামে এবং একজন ময়মনসিংহে চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩১ জন রয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকার বাইরে সবচেয়ে বেশি ২১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রামে। এ ছাড়া বরিশালে ১৫৯ জন, খুলনায় ১৪৭, রাজশাহীতে ১১৩, ময়মনসিংহে ১০০, রংপুরে ৩৮ এবং সিলেটে দুজন ভর্তি হয়েছেন।
