Published on
:
1 min read
সমাজমাধ্যমে রাজনৈতিক মতামত প্রকাশ করে বিপাকে বলিউড অভিনেতা রণবীর শোরে। দিল্লিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিবাদ কর্মসূচির সমালোচনা করার পর একাধিক ইমেলে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ অভিনেতার। শুধু তাই নয়, হুমকিমূলক ইমেলে তাঁর গতিবিধির উপর নজর রাখার কথাও বলা হয়েছে বলে দাবি রণবীরের।
ঘটনার কথা প্রকাশ্যে এনে সাইবার পুলিশের সাহায্য চেয়েছেন তিনি। ট্যাগ করেছেন মহারাষ্ট্র সাইবার সেল এবং সাইবার দোস্তকে। পরে মুম্বই পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন অভিনেতা। তাঁর অভিযোগ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বলিউডে।
গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে CJP-র প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছিলেন সংগঠনের সদস্যরা।
এই কর্মসূচির সমালোচনা করে সমাজমাধ্যমে সরব হন রণবীর। তাঁর বক্তব্য ছিল, রাজনৈতিক দলগুলির নিজেদের দাবি ও আপত্তি তুলে ধরার জন্য সংসদ, নির্বাচন এবং আদালতের মতো গণতান্ত্রিক মঞ্চ ব্যবহার করা উচিত। রাস্তায় নেমে প্রতিবাদ করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা কিংবা জনপরিকাঠামো ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ব্যাহত করার বিরোধিতা করেন তিনি।
গত ১২ অক্টোবর নিজের এক্স হ্যান্ডলে হুমকিমূলক ইমেলের স্ক্রিনশট প্রকাশ করেন রণবীর। একই সঙ্গে সাইবার দোস্ত এবং মহারাষ্ট্র সাইবার সেলকে ট্যাগ করে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান তিনি।
অভিনেতার প্রকাশ করা ইমেলগুলিতে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। একটি ইমেল পাঠানো হয়েছিল রাজ পরিহার নাম ব্যবহার করে। সেখানে প্রেরক রণবীরের অবস্থান ও গতিবিধির উপর নজর রাখার দাবি করেন বলে প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে। উপযুক্ত সময় এলে অভিনেতার উপর হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
