এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তা জানাতে সুপারিশ করা হয়েছে।
Published : 25 Oct 2026, 08:56 PM
Updated : 25 Oct 2026, 08:56 PM
‘অনৈতিক কাজে’ লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তা জানাতে সুপারিশ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম এবং কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অংশ নেন।
বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবে ২ বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে কমিটি মন্ত্রণালয়ের কাছে জানতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে বলেছে, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
একই সঙ্গে কমিটি তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিটিকে জানাতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনের জন্য বলা হয়েছে। সৌদি আরবসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তের আগে তা সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে কিছু জানানো হয়নি।
সংবাদমাধ্যমে আসার পর সৌদি কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে চিঠি দিয়ে তাদের বিষয়ে তথ্য ও বিস্তারিত জানতে চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
