ছাড়পত্র পাওয়ার পর ইনস্টাগ্রাম লাইভে এসে দিলজিৎ জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ অক্টোবর দিল্লিতে পারফর্ম করবেন তিনি।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে প্রথমে অনুমতি দেয়া হয়নি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার শর্তে শেষ পর্যন্ত ছাড়পত্র পেয়েছে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের দিল্লির কনসার্ট। ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু (জেএলএন) স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, উৎসবের মৌসুমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে প্রথমে কনসার্টের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল দিল্লি পুলিশ। পরে আয়োজকদের নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনার পর অনুমতি দেয়া হয়।
ছাড়পত্র পাওয়ার পর ইনস্টাগ্রাম লাইভে এসে দিলজিৎ জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ অক্টোবর দিল্লিতে পারফর্ম করবেন তিনি। একই সঙ্গে ঘটনা সম্পর্কে নিশ্চিত না হয়ে কনসার্ট নিয়ে মন্তব্য ও প্রচার চালানোর সমালোচনা করেন এ গায়ক। তিনি বলেন, ‘আপনারা রিল বানিয়েছেন, টুইট করেছেন, নিউজরুমে আলোচনা করেছেন, তাই না? এবার ৩০ অক্টোবর দিল্লিতে দেখা হচ্ছে।’
কনসার্ট নির্বিঘ্নে আয়োজনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পুলিশ। আয়োজকরা প্রথমে প্রায় ৪০০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রত্যাশিত জনসমাগম সামাল দিতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার নিরাপত্তাকর্মী প্রয়োজন বলে মনে করছে পুলিশ।
দর্শকের প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং স্টেডিয়ামের আশপাশে শৃঙ্খলা বজায় রাখতে এসব কর্মী দায়িত্ব পালন করবেন। দর্শকের গাড়ি রাখার জন্য অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থাও করতে বলা হয়েছে আয়োজকদের।
স্টেডিয়ামের চারপাশে প্রায় ৫০০-৭০০ মিটার এলাকাকে যানবাহনমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। ওই এলাকায় ব্যক্তিগত গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। তবে অনুমোদিত যানবাহন চলাচলের সুযোগ থাকবে।
প্রায় ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে বিপুল জনসমাগমের আশঙ্কায় প্রবেশ ও বের হওয়ার পথে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্ভাব্য হুমকি ও উৎসবের মৌসুমে পুলিশের বাড়তি দায়িত্বের কারণে প্রথমে অনুমতি দেয়া হয়নি। খালিস্তানপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির বিষয়টিও নিরাপত্তা পরিকল্পনায় বিবেচনায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিতের কনসার্টে আত্মঘাতী হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানোর ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
দিল্লির কনসার্টের মধ্য দিয়ে দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর’ শুরু হওয়ার কথা। এরপর ভারতের বিভিন্ন শহরে পারফর্ম করবেন তিনি। পুলিশের ছাড়পত্র পাওয়ায় আপাতত দিল্লির অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা কেটেছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
