চ্যাম্পিয়নস লিগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মাইকেল অলিসেকে। তাতে বায়ার্ন মিউনিখের হয়ে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হচ্ছে না তার। তবে সেই হতাশা পেছনে ফেলে বুন্দেসলিগায় আরবি লাইপজিগের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফরাসি উইঙ্গার। সতীর্থের এমন প্রত্যাবর্তনে মুগ্ধ হ্যারি কেইন।
শনিবার লাইপজিগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন অলিসে। এর কয়েক দিন আগেই চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ফলে আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে অলিসের মানসিকতার প্রশংসা করেছেন কেইন। ইংলিশ স্ট্রাইকারের মতে, মাঠের বাইরের হতাশা ভুলে অনুশীলন ও ম্যাচে নিজের সেরাটা দিয়েছেন অলিসে।
কেইন বলেন, ‘অনুশীলনে হোক কিংবা আজকের ম্যাচে, সে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আজ তার প্রতিক্রিয়া ছিল অসাধারণ। এই মৌসুমে সে কতটা ভালো খেলছে, তা নিয়ে আমরা আগেও কথা বলেছি। আজ আবারও সে সেটা প্রমাণ করেছে।’
তবে আর্সেনালের বিপক্ষে খেলতে না পারার হতাশা অলিসের মধ্যে রয়েছে বলেও জানিয়েছেন কেইন। ‘সে অবশ্যই খুব হতাশ। সে প্রতিটি ম্যাচেই খেলতে চায়। আমি তাকে বলেছি, বুধবার সে দারুণ একটি ম্যাচ মিস করবে। আমি জানি, সে খেলতে চেয়েছিল। কিন্তু জীবন এমনই,’ বলেন ইংলিশ অধিনায়ক।
অলিসের অনুপস্থিতি বায়ার্নের আক্রমণভাগে প্রভাব ফেলতে পারে। তবে কেইনের বিশ্বাস, দলের অন্য খেলোয়াড়দেরও নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে অন্যদের দায়িত্ব নিতে হবে বলে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কেইন বলেন, ‘আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন না থাকলে তার অভাব অনুভব করবেনই। তবে তখন অন্যদের এগিয়ে আসতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে। আমরা দলের গভীরতা নিয়ে প্রায়ই কথা বলি। সুযোগ এলে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
এইচজেএস
