Published : 18 Oct 2026, 03:56 PM
Updated : 18 Oct 2026, 03:55 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার দনিয়া কলেজের সামনে যুবক পাপ্পু চৌধুরীকে হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রোববার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার গত ১২ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন রোববার।
এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। নাসির উদ্দিন সাথীর পক্ষে আব্দুল্লাহ আল মনসুর রিপন গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুর আড়াই দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন পাপ্পু। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাপ্পু।
এ ঘটনায় গত বছরের ২৩ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন আলী চৌধুরী নামে এক ব্যক্তি।
গত বছরের ১৭ অগাস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত তাকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য দিয়েছেন তার আইনজীবী সোহরাব হোসেন রুবেল।
