The Sangbad · সাধারণ
হানিফ পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
১৬/১০/২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন।শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে গৌরনদী উপজেলার বার্থী এলাকার কটকের পোল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম অপু মাঝি (৩৫)। তিনি স্থানীয় ভোরকাট এলাকা থেকে টরকী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মিঞা। তিনি জানান, বেলা দেড়টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বার্থী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অপু মাঝির মৃত্যু হয়।এসআই আবুল বাশার জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে যান। বর্তমানে বাস ও মোটরসাইকেল দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে বেপরোয়া গতির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। গতি নিয়ন্ত্রক আইনি ব্যবস্থা বা ওভারস্পিড মামলার কার্যক্রম শিথিল থাকায় দূরপাল্লার বাস, ট্রাক ও মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করছে বলে জানান দায়িত্বশীল কর্মকর্তারা।নিহত অপু মাঝির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗