কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং দেশের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে বিএসএফের হাতে আটক হন পুলিশ কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন। বিএসএফের এই ধরনের সীমান্ত আচরণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী দুই স্বাধীন রাষ্ট্রের মর্যাদা, অধিকার ও পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্ত বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। কিন্তু ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব সেই সম্পর্কের ক্ষতি করছে। ভবিষ্যতে যেন এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির সুযোগ নিয়েই প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে এমন অপমানজনক আচরণ করার সাহস পাচ্ছে। তাই অবিলম্বে কূটনৈতিক পর্যায়ে শক্ত প্রতিবাদ জানানো এবং বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যদের সসম্মানে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
