The Sangbad · সাধারণ
আইপিএলে যুবরাজ সিং পেলেন নতুন দায়িত্ব
১৪/১০/২০২৬

আইপিএলে সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে খেলোয়াড়ি জীবন শেষে আনুষ্ঠানিকভাবে কোচিং পেশায় পা রাখলেন ভারতের এই ম্যাচজয়ী তারকা।দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুবরাজের পুরনো মধুর স্মৃতি রয়েছে। ২০১৫ সালের আইপিএলে রেকর্ড ১৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল দিল্লি, যা সেই সময়ে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়েছিল। দীর্ঘ দিন পর খেলোয়াড় হিসেবে নয়, বরং কোচের মেটরেই সেই পুরনো ঠিকানায় ফিরছেন তিনি।এই নিয়োগের সুবাদে ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কোচিং প্যানেলে নতুন জুটি গড়ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। ডাগআউটে এই দুই তারকার একসঙ্গে কাজ করা নিয়ে এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের মাঝে তুমুল আলোচনা শুরু হয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে তরুণ ভারতীয় ব্যাটারদের মেন্টরিং ও ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছেন যুবরাজ। শুভমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো উদীয়মান তারকাদের সফল করে তোলার পেছনে তার বড় অবদান রয়েছে। তার এই সমৃদ্ধ অভিজ্ঞতা ও জয়ী মানসিকতা বহুদিনের শিরোপার খরায় থাকা দিল্লিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে বলে বিশ্বাস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের।দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল যুবরাজকে স্বাগত জানিয়ে বলেন, ‘ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচজয়ীকে আমাদের পরিবারে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার অভিজ্ঞতা এবং তরুণদের গড়ে তোলার দক্ষতা আমাদের দলের জন্য অমূল্য সম্পদ হবে।’নতুন এই চ্যালেঞ্জ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ সিং জানান, ‘দিল্লির সঙ্গে আমার পুরোনো বন্ধন রয়েছে। দাদার (সৌরভ গাঙ্গুলী) সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কোচিংয়ে আমার প্রবল আগ্রহ আছে এবং এই দারুণ প্রতিভাবান দলটির সঙ্গে কাজ শুরু করার তর সইছে না।’উল্লেখ্য, আইপিএলে ১৩২ ম্যাচে ২ হাজার ৭৫০ রান করার পাশাপাশি ৩৬টি উইকেট শিকার করেছেন যুবরাজ। ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পেছনেও তার অবদান ছিল অবিস্মরণীয়।
মূল প্রতিবেদনে যান ↗