Published on
:
1 min read
এই সময়, হাওড়া: দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধা এবং সুষ্ঠু ট্র্যাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগী হাওড়া সিটি পুলিশ। রবিবার শরৎ সদনে হাওড়া পুলিশ কমিশনারেটের উদ্যোগে উদ্বোধন করা হলো দুর্গাপুজোর গাইড ম্যাপ ও মোবাইল অ্যাপ–২০২৬।
একই অনুষ্ঠানে পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পুজোর অনুদানের চেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী মুক্তেশানন্দজি মহারাজ, রাজ্যের মন্ত্রী উমেশ রাই, হাওড়ার জেলাশাসক, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিধায়ক সঞ্জয় সিং-সহ বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি, উপস্থিত ছিলেন বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা। পুজোর দিনগুলিতে দর্শনার্থীরা যাতে সহজেই বিভিন্ন পুজো মণ্ডপ সম্পর্কে তথ্য পেতে পারেন, সেই লক্ষ্যেই গাইড ম্যাপ ও মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে পুজো সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি, শহরের পুজো পরিক্রমা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে হাওড়ার রাস্তায় প্রতি বছরই বাড়ে যানবাহন ও দর্শনার্থীদের ভিড়।
সেই পরিস্থিতিতে যান নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ভাবে পুজো উদযাপন নিশ্চিত করা পুলিশের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। গাইড ম্যাপ ও অ্যাপের মাধ্যমে দর্শনার্থীদের সুবিধা এবং সমন্বিত ট্র্যাফিক ব্যবস্থাপনায় সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
