
ঢাকা জেলা যুবশক্তির মাদক বিরোধী শোভাযাত্রা
সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চল থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের দাবিতে শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা জেলা উত্তর যুবশক্তির নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে সাভার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ধামরাই হয়ে আশুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগরের জয় রেস্তোরাঁর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা উত্তর যুবশক্তির আহ্বায়ক মহিন উদ্দিন শুভ এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, ঢাকা জেলা উত্তর যুবশক্তির সদস্য সচিব ফারাবী রিয়াদ ও মুখ্য সংগঠক আরাফাত আমিন বর্ষণ।
এ ছাড়া অংশ নেন ঢাকা জেলা উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক ইমন সরকার, সাভার উপজেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়কারী জুলকারনাইন, সাভার উপজেলা যুবশক্তির আহ্বায়ক আল আমিন আলী, ধামরাই উপজেলা যুবশক্তির আহ্বায়ক আশিকুর রহমান, আশুলিয়া থানা যুবশক্তির আহ্বায়ক ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম সানভি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও চাঁদাবাজি নির্মূলে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
