নিম্ন আদালত তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু এ বার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করলেন নেভি অফিসার সৌরভ রাজপুত খুনে দোষী সাব্যস্ত স্ত্রী মুস্কান রস্তোগী এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল। যৌথ ভাবে তাঁরা এলাহাবাদ হাই কোর্টের কাছে আবেদন দাখিল করেছেন। আদালতের কাছে এই দুই সাজাপ্রাপ্তের আর্জি, নিম্ন আদালতের নির্দেশ খারিজ করা হোক এবং তাঁদের সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক।
কেন তাঁদের মৃত্যুদণ্ডের রায় বাতিল করা উচিত, তার যুক্তিও দিয়েছেন মুস্কান এবং সাহিল। সম্প্রতি মেরঠের নিম্ন আদালত দু’জনকেই দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। সঙ্গে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। হাই কোর্টের কাছে আবেদনপত্রে মুস্কান এবং সাহিল দাবি করেছেন, নিম্ন আদালতের রায় বেআইনি, পক্ষপাতদুষ্ট এবং ধারণার ভিত্তিতে দেওয়া। তাঁদের আরও দাবি, সন্দেহের ভিত্তিতে এই মামলা সাজানো হয়েছে। সরাসরি কোনও সাক্ষ্যপ্রমাণ না নিয়ে ঘটনাক্রমের উপর দাঁড়িয়ে এই রায় দেওয়া হয়েছে।
মুস্কানদের আইনজীবী মামলার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটির উল্লেখ করেছেন। তাঁর দাবি, পুলিশ যথাযথ তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি আদালতে। তাই এই রায় বাতিল করার আবেদন জানিয়েছেন। আগামী সপ্তাহে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এখন হাই কোর্ট কী রায় দেয়, সেই অপেক্ষায় মুস্কানেরা।
উল্লেখ্য, গত বছরের মার্চে সৌরভকে খুনের পর দেহ টুকরো করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ ওঠে স্ত্রী মুস্কান এবং তাঁর প্রেমিক সাহিলের বিরুদ্ধে। সেই ঘটনায় গ্রেফতার হয়ে বর্তমানে মেরঠের চৌধরী চরণ সিংহ জেলে বন্দি। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে মামলা চলার পর এ বছরের সেপ্টেম্বরে নিম্ন আদালত দু’জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। আদালতের রায় শোনার পর দু’জনেই ভেঙে পড়েন। মুস্কানের পরিবার জানিয়ে দেয়, এই রায়কে তারা চ্যালেঞ্জ করবে না। মুস্কান-সাহিলও এই রায় চ্যালেঞ্জ করবেন কি না, প্রাথমিক ভাবে তা স্পষ্ট করেননি। কিন্তু এ বার বেশ কয়েকটি যুক্তি তুলে মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হলেন মুস্কানেরা।
