একাধিক তারকাদের নিয়ে আসছে পরিচালক প্রার্জুন মজুমদারের নতুন ছবি 'এই শহরের গান'। প্রকাশ্যে এল ছবির টিজার। 'এই শহরের গান' ছবিটিতে প্রধান ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, অঙ্গনা রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও মনপ্রীত রোহতাশ নিব্বিওয়ালকে। কোন গল্প ফুটে উঠবে 'এই শহরের গান' ছবিতে?
ছবির টিজার থেকেই স্পষ্ট, 'এই শহরের গান' ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, কলকাতা শহরটি নিজেই। বিভিন্ন ভাবে 'প্রাণের শহর'কে তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই শহর সম্পর্কের শহর, প্রেমের শহর, আবেগের শহর যে সেটা যেন এই শহরের গান এর ট্রেলার আবারও মনে করিয়ে দিল।
সম্পর্কের গল্পের নতুন সমীকরণের ছবি 'এই শহরের গান'। তিন জোড়া দম্পতি, জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে। নিজ নিজ সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে চলেছে তারা। কিন্তু তারা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, একে অপরকে চেনেও না; তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে জড়িয়ে। আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে এই শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রেখেছে।
ছবিতে শান্তনুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে, অনিকেতের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সৃজনীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে তৃষার চরিত্রে অঙ্গনা রায়কে, অনামিকার চরিত্রে কনীনিকা ও রাহুলের চরিত্রে দেখা যাবে মানপ্রিত রোহতাশ নিব্বিওয়ালকে। এই শহরের গান ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, তথাগত মুখার্জি, ঋত্বিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান রয়েছে, যা শোনা যাবে বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে। পরিচালক প্রার্জুন মজুমদার ছবি প্রসঙ্গে বলেছেন, "এই ছবিতে কলকাতা শহরও একটি চরিত্র। এই শহরে কত সম্পর্কের গল্প বাসা বেঁধে থাকে, সেগুলো বড়পর্দায় তুলে ধরেছি। আবেগের কথাও ফুটে উঠবে এই ছবিতে। আমার ছবির প্রতিটি চরিত্র তার শহরের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলবে। ছবির টিজার দর্শকদের ভাল লেগেছে। প্রশংসা পাচ্ছে। আশা করছি ছবিটি দর্শকদের মনে জায়গা করে নেবে।"
চলতি বছরেই বড়পর্দায় ছবিটি মুক্তি পাচ্ছে। 'এই শহরের গান' ছবিটির প্রযোজনা করেছে প্রযোজক আকাঙ্ক্ষা রায় ও প্রার্জুন মজুমদারের স্ট্যাগড ফিল্মস।
https://youtu.be/d9dEQ8w3SL0?si=uzgufn7pLJUtlOgs
