নওগাঁর পোরশায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পোরশা উপজেলার কাপালির মোড় এলাকায় এ অভিযান চালায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় কাপালির মোড়ে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
