ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রায় ১৫জন আহত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে তাজপুর ইউনিয়নের কাদিপুর ও চাঁনপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে তাজপুর বাজারে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থালে পৌছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। সে সময় ইট পাটকেলের আঘাতে থানার ওসি গোলাম মোস্তফা, এএসআই এনামুল ও আরও একজন পুলিশ সদস্যসহ প্রায় ১৫জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইট-পাটকেলের আঘাতে আমিসহ আরও দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছি। তারা নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানতে পেরেছি। অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
