গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কারখানায় উৎপাদিত ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি, অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
রোববার কারখানা কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারখানার এজিএম (অ্যাডমিন) রোকন উদ্দিন খানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই কারখানার ফায়ার ইউনিটের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় পাশের নীট এশিয়া কারখানার কর্মকর্তা ও কর্মচারীরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন ও গাজীপুরের চৌরাস্তা মডেল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অগ্নিকাণ্ডে কারখানায় উৎপাদিত ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল, বিভিন্ন মেশিন, অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কারখানা কর্তৃপক্ষ।
তবে অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত ও হিসাব-নিকাশ শেষে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
