যশোরের চৌগাছায় হাম আক্রান্ত হয়ে ওবাইদুল ইসলাম সবুজ নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। আজ শনিবার যশোরের বেসরকারি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওবায়দুল ইসলাম সবুজ উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি চৌগাছা উপজেলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সবুজের মৃত্যুর সময় হাসপাতালে থাকা ইউপি সদস্য কিতাব আলী জানান, গত ৯ অক্টোবর সবুজ জ্বরে আক্রান্ত হন। প্রথম দুই দিন প্রাথমিক চিকিৎসা নেন। জ্বর না কমায় ১১ অক্টোবর তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি হাম জ্বরে আক্রান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আগে থেকেই হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
যশোর ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা নাজিম উদ্দীন জানান, ওবাইদুল ইসলাম সবুজ হাম জ্বরে আক্রান্ত ছিলেন।
সবুজের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
