কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকসহ নানাবিধ অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১২৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত এ বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার ১০১ জন, পূর্ববর্তী মামলার ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন এবং সাধারণ ও সাজা পরোয়ানামূলে ১৭২ জন আসামি রয়েছেন।
আরও পড়ুন
অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৭৯ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৯ জনসহ মোট ১২৮ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে দণ্ড দেওয়া হয়।
এ সময় ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৩ পিস ইয়াবা, ৫৭ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৫২৪ লিটার চোলাই মদ, ১৬৭ বোতল বিদেশি মদ ও ৩ ক্যান বিয়ার।
আরও পড়ুন
কিশোর গ্যাং বিরোধী অভিযানে রেঞ্জজুড়ে মোট ৭৫৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫৮৭ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি ১৬৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং আটকের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ৫১৯ জন, চট্টগ্রামে ৭২ জন, লক্ষ্মীপুরে ৬১ জন, নোয়াখালীতে ৪৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২২ জন, রাঙ্গামাটিতে ১৬ জন, খাগড়াছড়িতে ১৩ জন, কক্সবাজারে ৬ জন এবং চাঁদপুরে ৩ জন রয়েছেন।
এ ছাড়া অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয় (চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ১ জন করে এবং নোয়াখালীতে ২ জন)।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানায়, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এএফ/
