আজকাল ওয়েবডেস্ক: দু'জনেই ছিল দু'জনের সবচেয়ে কাছের বন্ধু। ঝগড়া ঝামেলা হলেও নিজেরাই মিলেমিশে থাকত সারাক্ষণ। কোথাও গেলে, একসঙ্গেই যেত তারা। সল্টলেকে ঠাকুর দেখতে যাওয়ার কথা বাড়িতে জানিয়েই বেরিয়েছিল দুই বান্ধবী। কিছুক্ষণেই বাড়িতে এল মৃত্যুসংবাদ। চোরবাগানে পদপিষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু হল তাদের।
দুর্গাপুজোয় একসঙ্গে দুই প্রিয় বান্ধবীর মর্মান্তিক পরিণতিতে নিউটাউনের গৌরাঙ্গনগরে শোকের ছায়া নেমে এসেছে। আর এই দুঃসংবাদেই দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল গভীর শোকে। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে নিউটাউনের গৌরাঙ্গনগরের দুই কিশোরী তানিয়া বিশ্বাস(১৭) ও বর্ণালী হালদার(১৭)। দু’জনেই একাদশ শ্রেণির পড়ুয়া ছিল।
তানিয়া ও বর্ণালীর বাড়ি নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকার নতুনপল্লি, সুভাষ সরণিতে। পুজোয় আগে থেকেই ঠাকুর দেখার পরিকল্পনা করেছিল দুই বান্ধবী-সহ আরও বেশ কয়েকজন(৭জন)। বর্ণালীর বাবা পেশায় একজন রিকশাচালক। অন্যদিকে ঘটনার পর থেকেই তানিয়ার পরিবার শোকে পাথর হয়ে গিয়েছেন। কথা বলার মতো পরিস্থিতিতেই নেই তাঁরা।
অপরদিকে, বর্ণালীর বাবা বর্তমানে হাসপাতালে মেয়ের দেহ ময়নাতদন্তের যাবতীয় আইনি কার্যকলাপ করছেন। বাড়িতে মা এখনও যেন বিশ্বাস করতে পারছেন না মেয়ে ও তার বান্ধবীর এমন করুন পরিণতির কথা। চার বান্ধবী পড়েছিল শাড়ি। প্রিয় বান্ধবীকে সঙ্গে নিয়েই যে চলে যাবে সে, তা যেন এখনও দুঃস্বপ্নের মতো গৌরাঙ্গনগর এলাকার দুই পরিবারের কাছে।
