
রামু (কক্সবাজার) প্রতিনিধি | সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ০৪:৪০
ছবি সংগৃহীত।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় এক দিনে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে পৃথক এ ঘটনায় যাত্রীদের মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় মোহাম্মদ তারেক নামে এক যাত্রী ডাকাতির শিকার হন। তিনি রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, ডাকাতরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
একই দিন দুপুর আড়াইটার দিকে ওই স্থানে আবারও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈদগড় মুক্তি ব্যাংকের অ্যাকাউন্টিং কর্মকর্তা আবদুল হাকিমসহ কয়েকজন ডাকাতের কবলে পড়েন। তাঁদের মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলে জানা গেছে।
একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতির ঘটনায় সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সকাল ও দুপুরে পরপর এমন ঘটনার খবরে সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
রামুতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

কামাল শিশির, রামু | সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ০৪:৪৩

ছবি সংগৃহীত।
কক্সবাজারের রামুতে জমিজমা নিয়ে বিরোধের জেরে নজির আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পুত্রবধু নাতি ও সন্তানদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ অক্টোবর) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গর্জনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজির আহমদ ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নজির আহমদের সঙ্গে তাঁর পুত্রবধূ, নাতি ও সন্তানদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, এ ঘটনায় গর্জনিয়াপাড়া এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: | সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ০৩:২৬

ছবি সংগৃহীত।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের চকরিয়া থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আজিজ এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তারা।
মাওলানা বদরুজ্জামান গুরুতর অসুস্থ, আরোগ্য কামনায় দোয়া কামনা

কামাল শিশির, রামু (কক্সবাজার) প্রতিনিধি | সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ০১:৫৮

ছবি সংগৃহীত।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক এবং ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হজরত মাওলানা বদরুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে ঈদগড়ের ধর্মীয় শিক্ষা ও ইসলামি দাওয়াতের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ও সুফলা মূল্যবোধ ছড়িয়ে দিয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
মাওলানা বদরুজ্জামান নিজের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে তাঁর পরিবার, শিক্ষার্থী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন।
