নিজস্ব প্রতিবেদক · ২০ অক্টোবর, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলায় ছাব্বির হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (১৯ অক্টোবর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাব্বিরকে গ্রেপ্তার ও শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) এসআরবির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। গ্রেপ্তার ছাব্বির হোসেন বালাগঞ্জ উপজেলার কায়েস্তগাঁও হাড়িয়ারগাঁও এলাকার গেন্দু মিয়ার ছেলে।
এসআরবির তথ্য অনুযায়ী, গোলাপগঞ্জ থানা এলাকার একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ছাব্বিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ আগস্ট ছাত্রীর মা ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে দেখতে পাননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এসআরবির মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার যুবক ও উদ্ধার হওয়া শিক্ষার্থীকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
