জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনেও ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছেন। গতকাল একমাত্র সেঞ্চুরিটি করেছেন চট্টগ্রাম বিভাগের ইরফান শুক্কুর। তবে বেশ কয়েকজন ব্যাটসম্যান অল্পের জন্য শতক পাননি। এদিন সিলেটে ঢাকার ১১ খেলোয়াড়ই বোলিং করেছেন। উইকেটকিপিং ছেড়ে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনও করেছেন ১ ওভার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ১৫৪ রানে দিন শুরু করে সিলেট। ১১ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি গালিব। ৩৫৮ রানে ৫ উইকেট হারানোর পর দিনের বাকিটা সময় আশরাফুল হাসান রিহাদ ও তোফায়েল আহমেদের ব্যাটে নির্বিঘ্নে পার করে দেয় সিলেট। রিহাদ ৮১ ও তোফায়েল ৫৬ রানে অপরাজিত আছেন। দিনশেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ঢাকা বিভাগের হয়ে ১১ জনই বোলিং করেছেন।
বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র সপ্তমবার এক ইনিংসে ১১ বোলার বোলিং করলেন। ২ উইকেট পেয়েছেন আমিনুল ইসলাম। এখনও ১১৬ রানে পিছিয়ে সিলেট।
মিরপুরে ৯ উইকেটে ৪৬৩ রানে ইনিংস শুরু করে খুলনা। এদিন স্কোরকার্ডে আর ২১ রান জমা করতে পারে তারা। ৪৮৪ রানে থামে খুলনার প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৩০০ রানে তৃতীয় দিন শেষ করে রাজশাহী বিভাগ। এদিন শতক পেতে পারতেন হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন। দুজনই হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন। সোহান ৯০ ও সাব্বির ৮৮ রান করেন।
