চট্টগ্রামের উত্তর হালিশহরের চৌধুরী পাড়া বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ৪১তম আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী।
সম্প্রতি ২৬ নম্বর ওয়ার্ডবাসী ও মইনীয়া যুব ফোরাম এসকান্দর ভান্ডার ইউনিট-২-এর যৌথ উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী বলেন, ঈদে মিলাদুন্নবী ﷺ ও ফাতেহায়ে ইয়াজদাহুম মানবতার কল্যাণ, ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজে সংঘাত ও নৈতিক অবক্ষয় রোধে মহানবী ﷺ-এর সুন্নাহ ও অলি-আউলিয়াদের সুফি আদর্শ অনুসরণ জরুরি। যুবসমাজকে নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
মাহফিলে সভাপতিত্ব করেন চিকিৎসক ও সমাজসেবক ডা. মুহাম্মদ ইকবাল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাইয়্যিদ সামছুল আলম আল সানজারী মাইজভান্ডারী ও হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক নকশবন্দী মোজাদ্দেদী।
প্রধান আলোচক ছিলেন মাওলানা মাহাবুবুল হক নুরে বাংলা কাদেরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা ফরহাদ আমিন ও মাওলানা শফিউল আলম বদরী। বক্তারা মহানবী ﷺ-এর জীবনাদর্শ ও ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য তুলে ধরেন।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহসূফী ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী।
