শিওরে বিপদ ছিলই। এবার পুজো মিটতেই তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে ফেলল পুলিশ। তাহলে গ্রেপ্তারি কি সময়ের অপেক্ষা? আগেই ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল আলিপুর আদালত। শুক্রবার পরেশরাম দাসের মিঠাখালির বাড়িতে পৌঁছে গেল জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতিশ বিশ্বাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী।
বিধায়কের বাড়িতে দীর্ঘক্ষণ চিরুনি তল্লাশি চালায় পুলিশ। বিধায়ককে খুঁজতে আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। বাড়ির বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পরেশরামকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘক্ষন বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালিয়ে দুই তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, একাধিকবার বিধায়ককে ফোন করা হলেও কোন ভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
উল্লেখ্য, গত ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময়ে বিরোধীদের উপর হামলা, বোমাবাজির অভিযোগ উঠেছিল। বিরোধীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিরুদ্ধে। এর মধ্যেই পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসায় গোটা বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরু করে সিআইডি। অভিযোগের ভিত্তিতে গত মাসে ভবানীভবনে হাজিরাও দেন তৃণমূল বিধায়ক। গ্রেপ্তারি এড়াতে দু’বার আলিপুর আদালতে জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। এবার পুজো মিটতেই বিধায়কের বাড়িতে পৌঁছে গেল বিরাট পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জোওয়ানরা। কিন্তু গোটা চত্বরে তৃণমূল বিধায়কের খোঁজ পায়নি পুলিশ। তবে কি গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা দিয়েছেন ক্যানিং পশ্চিমের পরেশরাম?
