আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
গতকাল শুক্রবার বিকালে বাগেরহাটের মোংলার নারিকেলতলা মাঠে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সরকারের এ পদক্ষেপে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমবে এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত হবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে ‘ধরা’-এর সদস্যসচিব শরীফ জামিল সুন্দরবন ও জীববৈচিত্র্য রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং আকরাম পয়েন্টের এলএনজি প্রকল্প বাতিলের দাবি জানান। পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী মো. নূর আলম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে বাউল গান ও লোকসাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
