অনলাইন ডেস্ক
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের আটটি লাগেজ উধাও হওয়ার অভিযোগ উঠেছে। লাগেজগুলোতে পাসপোর্ট, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল বলে জানা গেছে।
গতকাল বিমানযোগে রাজশাহীতে পৌঁছান ক্রিকেটাররা। এর আগের দিন তাঁদের সরঞ্জাম বহনকারী একটি মিনি কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশে রওনা হয়। ওই গাড়ি থেকেই আটটি লাগেজ উধাও হয়েছে বলে অভিযোগ করেছেন ক্রিকেটাররা।
ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগও বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে, আজ কয়েকটি লাগেজ উদ্ধার করা হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন রাজশাহী বিভাগের এক ক্রিকেটার। বাকি লাগেজগুলোও উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
