
প্রবীণ দুই সাংবাদিককে সম্মাননা প্রদান
সত্যের পক্ষে অবিচল থাকা, অন্যায়ের বিরুদ্ধে কলম শাণিত করা এবং জনমানুষের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরার প্রত্যয়ে হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় গ্যানিংগঞ্জ বাজারে প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি শিব্বির আহমদ আরজু। সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বুলেটিন-এর প্রতিনিধি মো. আব্দাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজের অনিয়ম-দুর্নীতি উন্মোচন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ হাতিয়ার। সত্য ও ন্যায়ের প্রশ্নে আপসহীন থেকে পেশাগত সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথি দৈনিক প্রতিদিনের বাণী-এর সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া বলেন, সাংবাদিকদের ঐক্য ও দায়িত্বশীলতা পেশার মর্যাদা রক্ষার অন্যতম ভিত্তি। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে। তিনি বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন।
সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং সংবাদপত্রের বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মোহাম্মদ শাবান মিয়াকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শুয়াইব আহমেদ, মাওলানা আবুল কাশেম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি আব্দুল মালেক, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হোসাইন, প্রচার সম্পাদক আনসার আলী, আইনবিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, মোবাশ্বির আহমদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানীসহ অন্যরা।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সত্যনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত সংহতি ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে বানিয়াচংয়ের মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরবে। সত্য হবে সংবাদে, সাহস থাকবে কলমে, আর দায়বদ্ধতা থাকবে মানুষের প্রতি—এমন প্রত্যয়েই এগিয়ে যাক বানিয়াচং মডেল প্রেসক্লাব।
