আজকাল ওয়েবডেস্ক: পুজোর মাঝেই ফের ভয়াবহ ঘটনা খাস কলকাতায়। নবমীর সকালে খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন একের পর এক দোকানে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির দমকলের বহু ইঞ্জিন।
নবমীর ভোরে, কলকাতার বাঘাযতীন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, নমবীর ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাঘাযতীন বাজার এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি দোকান। প্রাথমিকভাবে অনুমান, ভোর চারটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটি বাতাসা তৈরির দোকানে।
প্রথমে ওই একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে, আগুন ছড়িয়ে পড়ে পরপর দোকানে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি বিচারে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে, নবমীর ভোরে, গড়িয়া ও যাদবপুরের মধ্যে সংযোগকারী রাজা এসসি মল্লিক রোডে যান চলাচল ব্যাহত হয় কিছুক্ষণের জন্য। যদিও পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে ইতিমধ্যেই।
এর আগেই, সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খাস কলকাতার পুজো মণ্ডপে। সোমবার মহাষ্টমীর দিন সন্ধ্যায় আগুন লেগে যায় পুজোমণ্ডপে। ঘটনার পরই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, মণ্ডপে জ্বলতে থাকা প্রদীপ থেকে কোনও ভাবে আগুন লেগে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে, প্রথম সপ্তমীর রাতে উত্তর কলকাতার অন্যতম বড় পুজো চোরবাগান সর্বজনীনে প্রবল বৃষ্টি এবং ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। পুজোর মাঝেই, একের পর এক বিপত্তি খাস কলকাতায়।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
