ফেনীতে দোকান ও ফুটপাতে পুলিশের অভিযান, জব্দ বিপুল পরিমাণ আতশবাজি
ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কের কয়েকটি দোকান ও ফুটপাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে পুলিশ। এ সময় আতশবাজি বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে। জব্দ করা আতশবাজির আনুমানিক বাজারমূল্য ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—আইয়ুব নবী (৫৬), দিদারুল আলম (৩৭), তপন চন্দ্র দাস (২২), বাবুল দেব নাথ (৪৪), অপু চন্দ্র দে (৩৭) ও খোকন চন্দ্র দে (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল জগন্নাথ বাড়ি সড়ক ও আশপাশের কয়েকটি দোকানে অভিযান চালায়। এ সময় ছোট-বড় ১৫ বস্তা আতশবাজি জব্দ করা হয়। পাশাপাশি আতশবাজি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাবেদ মাহমুদ জানান, আটক ছয়জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার (২৫ অক্টোবর) তাঁদের আদালতে নেওয়া হবে।
The post ফেনীতে দোকান ও ফুটপাতে পুলিশের অভিযান, জব্দ বিপুল পরিমাণ আতশবাজি appeared first on Rising Cumilla.
