IPL 2027-এ খেলবেন না মিচেল স্টার্ক?ছবি: ANI
Published on
:
2 min read
দীর্ঘ কেরিয়ারে বরাবরই টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়েছেন মিচেল স্টার্ক। তার জন্য বড় অঙ্কের আর্থিক লাভের সুযোগ ছাড়তেও পিছপা হননি অস্ট্রেলিয়ার তারকা পেসার। এ বার IPL ২০২৭-এ খেলবেন কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। আগামী বছরের অস্ট্রেলিয়ার ঠাসা সূচি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ় সিরিজ়ের কথা মাথায় রেখেই এই পথে হাঁটতে পারেন স্টার্ক। এই নিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ান মিডিয়ার এক রিপোর্ট। কী জানা গিয়েছে সেই প্রতিবেদনে?
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মিচেল স্টার্ক। CODE Sports-এর রিপোর্ট অনুযায়ী, আগামী মরশুমে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ়ে খেলার তেস্ত্র IPL-এ না-ও খেলতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি অংশ নেবেন কি না, তা নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট এবং দেশের হয়ে খেলার মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর। দিল্লি ক্যাপিটালসে নতুন হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা।
টেস্টের জন্য IPL থেকে দূরে ছিলেন স্টার্ক
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত IPL খেলেননি স্টার্ক। ২০২৪ সালে ফের এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগে ফেরেন। গত দুই মরশুমে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে ফিট রাখতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি।
তা ছাড়া স্টার্কের কেরিয়ারে ধারাবাহিক ভাবে টেস্ট ক্রিকেট খেলার নজিরও উল্লেখযোগ্য। ২০২৩ সালের লর্ডস টেস্টের পর থেকে টানা ৩০টি টেস্ট খেলেছেন তিনি। এই সময়ে প্যাট কামিন্স ও জশ হ্যাজ়েলউড চোট এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিভিন্ন সময়ে দলের বাইরে থাকলেও অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে সামলেছেন স্টার্ক। তাই আগামী মরশুমে IPL-এ খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের হয়ে লাল বলের ক্রিকেটকেই অগ্রাধিকার দিতে পারেন এই বাঁহাতি পেসার।
অ্যাশেজ়ের আগে বাড়তে পারে চাপ
২০২৭ সালের ১৮ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের অ্যাশেজ় সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। তার আগে ৯ থেকে ১৩ জুন ওভালে আয়োজিত হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অজ়িরা ফাইনালে উঠলে দলের প্রথম সারির ক্রিকেটারদের উপর চাপ আরও বাড়তে পারে। সাধারণত ইংলিশ সামার শুরুর আগে IPL হয়। তাই একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের আগে শারীরিক ভাবে ফিট থাকা এবং পর্যাপ্ত প্রস্তুতির জন্য IPL থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।
