কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আকতার হোসেন। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচন । নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আকতার হোসেন এবং ফারুক আহমেদ।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন বলেন, ‘আমি চেয়ারম্যান পদে ফরম কিনে জমা দিয়েছি। শুনেছি আকতার হোসেন নামেও একজন ফরম জমা দিয়েছেন। তিনি ছাত্রলীগ করতেন, এখন কীভাবে কী করছেন জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতা কীভাবে ফরম নিলেন, তা সমবায় কর্মকর্তা বলতে পারবেন। আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের কেউ স্থানীয় সরকারসহ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
ফরম জমা দেওয়ার সময় কাউকে বাধা দেওয়া হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, ‘অফিসের বাইরে কিছু হট্টগোল হয়েছে, তবে আমি ফর্ম জমা দিয়েছি।’ আপনার নামে কোনো মামলা আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘চাঁদাবাজির একটি মামলা আছে। এছাড়া আমার নামে আর কোনো মামলা নেই।’
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা ও বিআরডিবি নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমন কোনো প্রজ্ঞাপন আমি পাইনি। পেলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এমই
